জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫২ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি, সংগৃহিত

জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সাবেক দুই উপাচার্য হারুন উর-রশীদ ও মো. মশিউর রহমানের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ আজ মঙ্গলবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

এর আগে দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার ওই আদেশ দেয়।

উল্লেখ্য, হারুন-অর-রশিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালের ৬ মার্চ প্রথমবার উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০১৭ সালের মে মাসে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নিযুক্ত হন।

অপরদিকে ২০২১ সালের মে মাসে মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট তিনি পদত্যাগ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে