সিলেট সিটির দায়িত্ব গ্রহণ করলেন কাইয়ুম চৌধুরী

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) :
| আপডেট: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৩ পিএম | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০৩ পিএম
সিলেট সিটির দায়িত্ব গ্রহণ করলেন কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্বপ্রাপ্ত) আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) বেলা দেড়টায় নগরভবন কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

নবনিযুক্ত প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী।

দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সবার অংশগ্রহণে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।” তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশা নিধন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে একটি মশামুক্ত নগর গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, নতুন মন্ত্রিসভায় সিলেটের দুজন মন্ত্রী রয়েছেন-শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আরিফুল হক চৌধুরী। তাঁদের সহযোগিতায় নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। পরে তিনি হযরত শাহজালাল দরগাহ এবং হযরত শাহপরান দরগাহ জিয়ারত করেন।

দুপুরে নগরভবনে পৌঁছালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সচিব বিশ্বজিত দেব ফুল দিয়ে নবনিযুক্ত প্রশাসককে স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

আপনার জেলার সংবাদ পড়তে