জাতীয় প্রেসক্লাবে ৪ জন সদস্যকে সতর্ক বার্তা ও প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিককে নিষিদ্ধের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানা হয়, জাতীয় প্রেস ক্লাবে ১৮ মাস ধরে তালাবদ্ধ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয় খুলে দেওয়ার দাবিতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে পাঁচ সাংবাদিককে নিষিদ্ধ করার ঘটনা খুবই উদ্বেগ ও ন্যাক্কারজনক। নিষিদ্ধ ঘোষিত ৫ সাংবাদিক হলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফ আলী, বর্তমান কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য সাজেদা হক ও সাংবাদিক রহিমা খানম। এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে ডিইউজের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই স্লোগানকে অস্বীকার করার কোন সুযোগ নেই। যাদেরকে এই স্লোগান দেওয়ার কারণে জাতীয় প্রেস ক্লাবের মত একটি ঐতিহ্যবাহী সংগঠনের চত্বর থেকে নিষিদ্ধ করা হয়েছে তা বাক স্বাধীনতার টুটি চেপে ধরার দৃষ্টান্ত। গত দুই বছরে সাংবাদিকদের কণ্ঠরোধ করার ধারাবাহিকার অংশ হিসেবে এটি করা হয়ে থাকলে তা মেনে নেওয়া হবে না। বিবৃতিতে পেশাদার সাংবাদিকদের ‘বহিরাগত’ উল্লেখ করার ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, তারা পেশাদার সাংবাদিক বলে পরিচিত। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তাদের ‘বহিরাগত’ বলাটা অত্যন্ত অসৌজন্যমূলক ও অসম্মানজনক। এটি অপ্রত্যাশিত। অন্যদিকে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ আলম খান তপু, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য রেজাউল করিমকে সতর্কবার্তা দেয়ায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মত প্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। ২১ ফেব্রুয়ারিতে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক নিপীড়নের বিরুদ্ধে মানববন্ধন করায় তাদের বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়ায় প্রমাণ হলো গত দেড় বছর ধরে গণমাধ্যমে স্বাধীনতা দূরের কথা এক ধরণের ফ্যাসিবাদি আচরণ কায়েম হতে চলেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ ইউনিয়নের তালা খুলে দেওয়া ও প্রেস ক্লাব থেকে গঠনতন্ত্র না মেনে অবৈধভাবে যেসব সাংবাদিকের সদস্য পদ বহিস্কার ও স্থগিত করেছে, তা পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন এবং মিথ্যা মামলায় কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি জানান।