দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ৩১ দশমিক ৪৫ মিলিয়ন ডলার, যা ৩৫ দশমিক ৩১ বিলিয়ন ডলারের সমান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ২৮৯ দশমিক ৪২ মিলিয়ন বা ৩০ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার।
রিজার্ভের এ ব্যবধানের কারণ ব্যাখ্যা করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে যে পরিমাণ থাকে, সেটিই নিট রিজার্ভ হিসেবে গণ্য হয়।
অর্থনীতিতে বৈদেশিক লেনদেনের সক্ষমতা, আমদানি ব্যয় পরিশোধ ও মুদ্রার স্থিতিশীলতার ক্ষেত্রে রিজার্ভ গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক এই বৃদ্ধিকে তাই ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।