একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২২ পিএম
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক ২০২৬ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এ পদকে ভূষিত হয়েছেন।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই পুরস্কার ঘিরে সকাল থেকেই ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল আনুষ্ঠানিক পরিবেশ। পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, অভিনয়ে ফরিদা আক্তার ববিতা একুশে পদক পেয়েছেন। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে স্থপতি মেরিনা তাবাসসুম সম্মাননা অর্জন করেন। সংগীতে মরণোত্তর স্বীকৃতি দেওয়া হয়েছে কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে।

নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার স্বীকৃতি পেয়েছেন। সাংবাদিকতায় সম্মানিত হয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস পদক লাভ করেন। সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকেও একুশে পদকে ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে পদক তুলে দিয়ে প্রধানমন্ত্রী গুণীজনদের অবদানের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধা জানান। উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান।

একুশে পদক দেশের সংস্কৃতি, শিক্ষা, শিল্পকলা ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। রাষ্ট্রীয় এই সম্মাননা গুণীজনদের কাজকে আরও অনুপ্রাণিত করবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে