বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে পৌঁছান তিনি। ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। দায়িত্বের প্রথম দিনেই সংক্ষিপ্ত বার্তায় তিনি জানিয়ে দেন, এখন কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে।
কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নে মোস্তাকুর রহমান বলেন, “এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।” আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে কাজ করি, তারপরে কথা বলব।” দায়িত্ব গ্রহণের এই সংযত অবস্থান দিয়েই তিনি নিজের কর্মপন্থার ইঙ্গিত দেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরকার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী তাঁকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বৃহস্পতিবার সকালে সকাল ৮টা ৩০ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে নিজ গাড়িতে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশে রওনা হন মোস্তাকুর রহমান। সকাল সোয়া ১০টার দিকে তাঁর বাসভবনের এক কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তিনি বাসা থেকে বের হন এবং ব্যক্তিগত গাড়িতেই কর্মস্থলে যান।
কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান এবং সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ ব্যাংকে আসেন। দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ও প্রধান অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। পরে নির্বাহী পরিচালকদের সঙ্গেও বৈঠক করবেন। দুপুর দেড়টায় সচিবালয়ে যাওয়ার সূচিও রয়েছে।
মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ধরে তিনি করপোরেট অর্থব্যবস্থা, রপ্তানি ও আর্থিক ব্যবস্থাপনা খাতে কাজ করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ী গভর্নর হিসেবে নিয়োগ পেলেন। এর আগে অর্থনীতিবিদ, সাবেক আমলা কিংবা শিক্ষাবিদদের মধ্য থেকেই গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল। ফলে তাঁর নিয়োগ আর্থিক খাতে নতুন এক দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে।
পোশাক রপ্তানিকারকদের সংগঠনের সদস্য মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জভিত্তিক হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।
দায়িত্বের শুরুতেই সংক্ষিপ্ত বার্তায় কাজকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন নতুন গভর্নর। এখন নজর থাকবে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণ ও আর্থিক খাতের ব্যবস্থাপনায় তিনি কী ধরনের পদক্ষেপ নেন।