পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের উত্তর ও দক্ষিণ বাজার সহ ডাকবাংলো সড়কের ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে। কাউখালী শহরের প্রধান সড়কটির দুই পাশের হাঁটাচলার ফুটপাতের জায়গা দখল করে এক শ্রেনীর ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন। এতে হাঁটা চলার জায়গা না থাকায় প্রায় সড়কে দুর্ঘটনার শিকার ও যানজটে বসে থাকতে হচ্ছে পথচারীদের। কাউখালী শহরটি ব্রিটিশ আমলের নৌবন্দর হিসাবে স্বীকৃতি পায়। পূর্ব থেকেই রাস্তাটি সরু হওয়ার কারণে রাস্তায় দু‘পাস দিয়ে রিক্সা ও অটো চলাচল করলে তারপরে হাঁটার জায়গা থাকে না। আর সাপ্তাহিক দুই হাটির দিন গাড়ি চলাচল তো দূরের কথা হাঁটা চলাই করা যায় না। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ দেওয়ার পরও মাঝে-মাঝে প্রশাসন লোক দেখানো অভিযান চললেও স্থায়ী কোন সমাধান হচ্ছে না। যেন ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সাথে তাদের চোর পুলিশ খেলা। প্রশাসন অভিযানে নামলে তখন ফুটপাতের মালামাল সরিয়ে রাখে। বর্তমানে রমজান মাস ও ঈদকে সামনে রেখে এই দুর্ভোগ আরো চরমে উঠেছে। দক্ষিণ বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মামুন বলেন, ফুটপাত হল মানুষের চলাচলের জায়গা কিন্তু কিছু ব্যবসায়ী তা দখল করে চলাচলের পথকে রোধ করার কারণে রাস্তায় সব সময় যানজট লেগে থাকে। এর একটা স্থায়ী সমাধান হওয়া উচিত। এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে আমি জেনেছি অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিব।