গণভোটের ফলে বড় সংশোধন, প্রায় ১১ লাখ ভোট কমিয়ে নতুন গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩৪ পিএম
গণভোটের ফলে বড় সংশোধন, প্রায় ১১ লাখ ভোট কমিয়ে নতুন গেজেট প্রকাশ

সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। নতুন প্রকাশিত অতিরিক্ত গেজেট অনুযায়ী, আগের ঘোষণার তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ উভয় ভোটই কমেছে। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটে এ সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। এর আগে ১৩ ফেব্রুয়ারি প্রাথমিক ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। গণভোট অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি, ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, ২০২৫’ বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ের জন্য।

প্রথম গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। হ্যাঁ ও না মিলিয়ে মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন। বাতিল ভোট ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ জন। বাতিল বাদে বৈধ ভোট দাঁড়িয়েছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ জন।

সংশোধিত গেজেট অনুযায়ী ‘হ্যাঁ’ ভোট কমে হয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন। অর্থাৎ ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি হ্যাঁ ভোট কমেছে। ‘না’ ভোট কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন, যা আগের তুলনায় ১ লাখ ১১ হাজার ৪৯৫টি কম। মোট প্রদত্ত ভোট এখন ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ জন। বাতিল ভোট বেড়ে হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ জন, যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেশি। বাতিল বাদে বৈধ ভোট দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন।

ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, বৈধ ভোট কমলেও বাতিল ভোট কিছুটা বেড়েছে। তবে এই বড় অঙ্কের ভোট কমার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ গেজেটে উল্লেখ করা হয়নি। নির্বাচন কমিশন শুধু জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এই গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার কথা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে