১৬ কোটি রুপির কেক কেটে জন্মদিন উদযাপন উর্বশীর!

এফএনএস বিনোদন: | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১২ পিএম
১৬ কোটি রুপির কেক কেটে জন্মদিন উদযাপন উর্বশীর!

শুধু সৌন্দর্য নয়, ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। এবার নিজের ৩২তম জন্মদিনে বিলাসবহুল আয়োজন করে আবারও শিরোনামে উঠে এলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি জন্মদিন উপলক্ষে সাত স্তরের একটি বিশেষ কেক অর্ডার করেছিলেন অভিনেত্রী। হীরাখচিত এই কেকটির আনুমানিক মূল্য ১৬ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২১ কোটিরও বেশি।

জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। এত ব্যয়বহুল কেক দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরা। কেউ মন্তব্য করেছেন এমন কেক কাটার ঘটনা সম্ভবত পৃথিবীতে প্রথম। আবার কেউ মজা করে প্রশ্ন তুলেছেন“কেক কাটার পর হীরা কীভাবে খাবেন?” অনেকে অভিনেত্রীর আয়ের উৎস নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন।

তবে কেবল জাঁকজমকপূর্ণ উদযাপনেই সীমাবদ্ধ থাকেননি উর্বশী। নিজের বিশেষ দিনটি উপলক্ষে ছত্রপুরের বাগেশ্বর ধামে ২৫১ জন সুবিধাবঞ্চিত মেয়ের বিয়ের খরচ বহন করেছেন তিনি। শুধু অর্থ সহায়তাই নয়, হবু কনেদের সঙ্গে দেখা করে তাদের আশীর্বাদও করেছেন অভিনেত্রী। তাঁর এই মানবিক উদ্যোগ ভক্তদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, এর আগেও নানা কারণে আলোচনায় ছিলেন তিনি কখনও ১৯০ কোটি রুপির বাড়ি কেনার গুঞ্জন, কখনও ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত-এর সঙ্গে সম্পর্কের জল্পনা। 

গত বছর প্রায় ১২ কোটি রুপির একটি বিলাসবহুল গাড়ি, রোলস রয়েস কিনে নজর কাড়েন উর্বশী। পাশাপাশি ইনস্টাগ্রামে ২০ কোটির বেশি অনুসারী অর্জন করে বৈশ্বিক প্রভাবশালীদের তালিকায়ও নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি, যার সঙ্গে যুক্ত হয়েছে ফোর্বস-এর ধনী প্রভাবশালী তালিকায় অন্তর্ভুক্তির খবর।

সব মিলিয়ে, বিলাসিতা ও মানবিকতা দুইয়ের সমন্বয়ে আবারও আলোচনার কেন্দ্রে উর্বশী রাউটেলা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আপনার জেলার সংবাদ পড়তে