হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৯ পিএম | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫৯ পিএম
হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা

রমজানে সাধারণত নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী থাকলেও দিনাজপুরের হিলিতে উল্টো চিত্র দেখা গেছে। সরকারি তদারকি বৃদ্ধি ও বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকায় এক সপ্তাহের ব্যবধানে হিলিতে দেশী পেঁয়াজের দাম কেজিপ্রতি ১৫ টাকা কমেছে। বর্তমানে খুচরা বাজারে এ পণ্য ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। সরবরাহ এমন থাকলে সামনে দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই সারি সারি সাজানো রয়েছে দেশী পেঁয়াজ। সব দোকানেই পণ্যটির পর্যাপ্ত সরবরাহ লক্ষ্য করা গেছে। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা ১৫ টাকা কমে ২৫ টাকায় নেমেছে। মূলত রমজান ঘিরে মোকামগুলোয় সরবরাহ বাড়ায় বাজারে এ নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল আহম্মেদ জানান, রমজানের শুরুতে বাড়তি চাহিদার কারণে মোকামে দাম কিছুটা চড়া ছিল। তবে এখন কৃষকরা মাঠ থেকে পুরোদমে পেঁয়াজ উত্তোলন শুরু করায় বাজারে আলুর মতোই পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তিনি আরো জানান, আগে মোকামে প্রতি মণ পেঁয়াজ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হলেও এখন তা কমে ৮০০-৮৫০ টাকায় নেমেছে। তারা কম দামে কিনতে পারছেন বিধায় কম দামেই বিক্রি করছেন। বাজারে পেঁয়াজ কিনতে আসা দিনমজুর হায়দার আলী বলেন, ‘রমজানের শুরুতে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কেনা আমাদের মতো মানুষের জন্য চিন্তার বিষয় ছিল। এখন দাম অনেকটা কমে যাওয়ায় আমাদের সুবিধা হয়েছে। পুরো রমজান ও ঈদ পর্যন্ত দাম এমন থাকলে আমরা খুশি।’ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘কেউ যেন পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সেজন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। রমজানকেন্দ্রিক পণ্য নিয়ে কোনো কারসাজির অভিযোগ পেলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে