ইরানে হামলার পাল্টা জবাবে মধ্যেপ্রাচ্যর বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই ধারাবাহিকতায় বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব।
আজ শনিবার মধ্যপ্রাচ্যের এসব দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার ওই নিন্দা জানিয়েছে রিয়াদ।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানের হামলার কঠোর নিন্দা জানায় সৌদি আরব।
ইরানের হামলায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরব। এই হামলার ‘ভয়াবহ পরিণতি’ সম্পর্কে তেহরানকে সতর্ক সতর্ক করে দিয়েছে রিয়াদ।
এদিকে, সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি হামলার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতি ভূখণ্ডে ইরানের হামলা আকাশসীমা এবং আন্তর্জাতিক আইনের ‘‘ভয়াবহ লঙ্ঘন’’। এই হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার কুয়েতের রয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বলেছে, আমিরাতের ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর জবাবে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই মার্কিন মিত্র রাষ্ট্র।