নরসিংদীতে কিশোরীকে

সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামিসহ ৭ জনের ৮ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৩:১৫ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০২:০১ পিএম
সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামিসহ ৭ জনের ৮ দিনের রিমান্ড

নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার সাতজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ওমর কাইয়ুম আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সকাল সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের দ্বিতীয় জুডিশিয়াল আদালতে সাত আসামিকে হাজির করা হয়। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার এজাহার অনুযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নূরার নেতৃত্বে একটি চক্র কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে অপহরণ করে। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর কিশোরীর মা ফাহিমা বেগম নয়জনকে আসামি করে মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত চারজন এবং সহায়তাকারী সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই পলাতক আসামিকেও দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।

এদিকে প্রধান আসামি নূর মোহাম্মদ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। একই সময়ে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয় হযরত আলীকে।

মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় মোট নয় আসামির মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে