তেহরান নিশ্চিত করেছে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০২:২৫ পিএম
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানে শুরু হওয়া হামলায় নিহত হন এই শীর্ষ কর্মকর্তা। একই হামলায় প্রাণ হারিয়েছেন আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপৌর এবং প্রতিরক্ষা উপদেষ্টা আলী শামখানিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, হামলা চলাকালে সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের একটি বৈঠকও চলছিল, যা ইরানের সামরিক নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

মৌসাভি গত বছরের জুনে তার পূর্বসূরির মৃত্যুর পর থেকে ইরানের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। তাসনিম নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহও একই হামলায় নিহত হয়েছেন। ইরানের রেভোলিউশনারি গার্ড কোরস (আইআরজিসি) হামলার জবাবে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং ইতিমধ্যে মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে পরিকল্পিত, যা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। সিএনএন জানায়, এই হামলার ফলে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় শূন্যতা তৈরি হতে পারে এবং দেশটি এখন সামরিক প্রতিক্রিয়ায় ব্যস্ত। আল-জাজিরা জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর।

ইরানজুড়ে হামলার পরই অঞ্চলটি উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই যৌথ অভিযান মধ্যপ্রাচ্যে নতুন সংকটের সূচনা করতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে