কাউখালীতে ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৩:৪২ পিএম
কাউখালীতে ফলের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

পিরোজপুরের কাউখালীতে ফলের দাম ঊর্ধ্বমুখী। প্রতিটি ফল সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। নিম্ন আয়ের মানুষ ফল খাওয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মধ্যবিত্ত ফ্যামিলিরা মাঝে মাঝে সাহস করে দুই এক প্রকার ফল ক্রয় করছে। উপজেলার উত্তর ও দক্ষিণ বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি আপেল বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৩৬০ টাকা পর্যন্ত, আঙ্গুর ফল ৪০০ টাকা থেকে ৫০০ টাকা, প্রকারভেদে খেজুর ২৫০ থেকে ১২০০ টাকা, মাল্টা ৩০০ থেকে ৩৬০, নেসপতি ৪৫০টাকা, বেদানা ৪০০ থেকে ৪৫০ টাকা, কমলা ৩০০ থেকে ৩৫০, পেয়ারা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফল ক্রয় করতে আসা ফজলুর রহমান বলেন, রমজান মাস আসলেই এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ফল সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম বাড়িয়ে বিক্রি করে। ভুক্তভোগীরা জানান, বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বল থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে সকল প্রকার মালামাল বেশি দামে বিক্রি করছে। ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম ও মোনায়েম হোসেন বলেন, স্থানীয় পর্যায়ে ফল উৎপন্ন হয় না, আমাদের ঢাকা-চট্টগ্রাম ,খুলনা ও বরিশালের ফলের আড়ং থেকে কিনে আনতে হয়। আমাদের একটা পরিবহন খরচ আছে। তাছাড়া আমরা যখন যেভাবে ক্রয় করি ওই ভাবেই আমরা সামান্য লাভে ফল বিক্রি করি। আমরা এক প্রকার বড় ব্যবসায়ীদের কাছে জিম্মি থাকি। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে ফলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।