কাল দেশে ফিরছেন মুশফিকুর রহিম

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৭:৫৬ পিএম
কাল দেশে ফিরছেন মুশফিকুর রহিম

পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে গত শনিবার দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ায় তিনি এবং আরও অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন। উমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক। এমন অবস্থায় তার দেশে ফেরা নিয়ে তৈরী হয়েছিল শঙ্কা। তবে গতকাল রোববার জানা গেল তার দেশে ফেরার সময়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’ শঙ্কার কথা জানিয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।’