হিজবুল্লাহর সামরিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা লেবাননের প্রধানমন্ত্রীর

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৫:৪৫ পিএম
হিজবুল্লাহর সামরিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা লেবাননের প্রধানমন্ত্রীর

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লাহর সব ধরনের সামরিক ও নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন। ইরান-সমর্থিত গোষ্ঠীটির রকেট ও ড্রোন হামলার জবাবে ইসরায়েল দক্ষিণ বৈরুতে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ ঘোষণা দেন।

এক বিবৃতিতে সালাম বলেন, “হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে এবং তাদের ভূমিকা কেবল রাজনৈতিক পরিসরে সীমিত থাকবে।”

তিনি আরও বলেন, “লেবাননের ভূখণ্ড থেকে বৈধ রাষ্ট্রীয় কাঠামোর বাইরে কোনো সামরিক বা নিরাপত্তা অভিযান পরিচালনার বিষয়টি আমরা প্রত্যাখ্যান করছি।”

প্রধানমন্ত্রী হিজবুল্লাহর সব ধরনের সামরিক কর্মকাণ্ডকে “অবৈধ”উল্লেখ করে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন, যেন লেবাননের মাটি থেকে কোনো ধরনের হামলা ঠেকানো হয়।

তিনি বলেন, “আমরা শত্রুতা বন্ধ এবং আলোচনায় ফেরার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।”

এর আগে সোমবার ভোরে হিজবুল্লাহ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার জবাবে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, “লেবানন ও এর জনগণের প্রতিরক্ষা”এবং “ইসরায়েলের পুনরাবৃত্ত আগ্রাসনের”জবাব হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক এই উত্তেজনা লেবানন-ইসরায়েল সীমান্তে পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।

সূত্র: আল জাজিরা