স্থানীয় প্রশাসন নিরব

জামালপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৪:১৭ পিএম
জামালপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই

ঈদ সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও ব্যস্ত হয়ে ঊঠছে সেমাই তৈরি কারখানা গুলো। কিন্তু সেই ব্যস্ততার আড়ালে যদি লুকিয়ে থাকে ভেজাল খাদ্য, অস্বাস্থ্যকর পরিবেশ আর স্বাস্থ্যঝুঁকি, তবে তা হয়ে ওঠে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। খোঁজ নিয়ে দেখা যায় সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে পচা ডিম, পশুর চর্বি (এনিমেল ফ্যাট), কৃত্রিম ঘি, (নিম্নমানের পামওয়েল ও ডালডা) সাথে ময়দা মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে লাচ্চা সেমাই। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা এসব লাচ্ছা সেমাই বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বাজারজাত করা হয়ে থাকে।

জামালপুর জেলার প্রায় সব উপজেলাতে এসব নিম্নমানের লাচ্ছা সেমাই তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে মেলান্দহ ও ইসলামপুর উপজেলার সংলগ্ন বীর হাতিজা মোড় এলাকায় থিতি মনি ফুড বেকারী নামের ট্রেড লাইসেন্স ব্যবহার করে সোহলী শেখের পুত্র বাবুল মিয়া দাম্ভিকতার সাথে বলেন- গত ১১ বছর ধরে স্থানীয় প্রশাসনসহ সব জায়গায় ম্যানেজ করে এভাবেই ব্যবসা করছি। আমার কোন সমস্যা হয়নি। 

খোঁজ নিয়ে দেখাযায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এসব সেমাই পলি প্যাকেটে এমনকি খোলা অবস্থায় বাজারজাত করা হচ্ছে। এসব লাচ্ছা সেমাই স্থানীয় হাটবাজারে অবাধে বিক্রি হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা ও উপজেলা গুলোতে অবাধে সরবরাহ করা হচ্ছে। যেন দেখার কেউ নেই। স্থানীয়রা জানান এক শ্রেরীর অসাধু অধিক মুনাফা লোভী ব্যক্তিরা এসব লাচ্ছা সেমাই খাবার অনুপযোগী নিম্নমানের ময়দা, পামওয়েলসহ পোড়া তেল, পচা ডিম, পশুর চর্বি (এনিমেল ফ্যাট), কৃত্রিম ঘি, (নিম্নমানের পামওয়েল ও ডালডা) মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হচ্ছে লাচ্চা সেমাই

নিয়ম অনুযায়ী সেমাই তৈরির কারখানায় পর্যাপ্ত আলো-বাতাস, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, মানসম্মত কাঁচামাল এবং শ্রমিকদের অ্যাপ্রোন, হেডকভার ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক। অথচ অধিকাংশ কারখানায় এই বালাই নেই। ঘামভেজা শরীরেই শ্রমিকরা কাজ করছেন।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেলে পেটের পীড়া, ডায়রিয়া, খাদ্যবিষক্রিয়া এমনকি দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। শিশু ও বয়স্কদের ঝুঁকি বেশি।  অস্বাস্থ্যকর পরিবেশ সেমাই তৈরি বিষয়ে স্যানিটারী ইন্সপেক্টর রাবেয়া বেগম বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের তেল ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছে। বিষয়টি আমি যেনে তাকে অনেক বকাঝকা করে আসছি। কারণ তার অনুমোদিত কোন লাইসেন্স নেই। তবে আপনি লিখেন,লিখলে আমার জন্য সুবিধা হবে। 

স্থানীয় সচেতন মহলের দাবী,জরুরি ভিত্তিতে ঈদকে কেন্দ্র করে গড়ে উঠা খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ কঠোর তদারকি করে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা, বিএসটিআই অনুমোদনের সিল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ যাচাই বাছাই করে বাজারজাত করণ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় ঈদ উৎসবের আনন্দ যেন ভেজাল খাদ্যের কারণে বিষাদে পরিণত না হয়, এমনটাই প্রত্যাশা করছেন সূধীমহল।