নির্বাচিত সরকারের ১৪তম দিনে

দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৫:৩৬ পিএম
দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে বড় পরিবর্তন এলো। মঙ্গলবার, ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাদের এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়।

দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যেতে দেখা যায় চেয়ারম্যান মোমেনকে। তাঁর হাতে একটি কাগজ ছিল। একই সময়ে কমিশনার আলি আকবার আজিজীকেও সেখানে প্রবেশ করতে দেখা যায়। বেলা পৌনে তিনটার দিকে তারা বেরিয়ে আসেন। গাড়িতে ওঠার সময় চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলেও তিনি কিছু বলেননি। পরে আলি আকবার আজিজী তিনজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। গাড়ি থেকে দুদকের পতাকা নামিয়ে দেখিয়ে তিনি বলেন, “এই যে আমি ফ্ল্যাগ ডাউন করে দিয়েছি।”

বিকেল সাড়ে তিনটার পর দুদক কার্যালয় ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. মোমেন। তিনি বলেন, “আমরা তিনজন, আমাদের এই কমিশনের তিন সদস্য পদত্যাগ করেছি। পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ সচিবের কাছে জমা দিয়েছি।”

পদত্যাগের কারণ নিয়ে তিনি বলেন, “পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি, নির্বাচিত সরকারেরও প্রত্যাশা থাকে। সরকার তার প্রত্যাশা পূরণে হয়তো আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন গঠন করবে। এতে দুদক যেমন ভালো হবে, রাষ্ট্রেরও উপকার হবে বলে বিশ্বাস করি।”

দুদকের কার্যকারিতা নিয়ে সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা বিচার করার মালিক আপনারা। আমাদের সময়টুকুতে আমরা দায়িত্ব পালনের চেষ্টা করেছি।”

আলি আকবার আজিজী বলেন, “ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছি। গত ১৫ মাস কাজ করেছি। আমাদের কাজের মূল্যায়ন আপনারাই করবেন। তবে বলতে পারি, আগের কমিশনগুলোর তুলনায় আমরা বেশি কাজ করেছি।”

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পরিবর্তন আসে। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১২ ডিসেম্বর ড. মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তার আগে ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। আজিজী ১১ ডিসেম্বর এবং হাফিজ আহসান ফরিদ ১৫ ডিসেম্বর দায়িত্ব নেন।

দুদক আইন অনুযায়ী, চেয়ারম্যান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির উদ্দেশে লিখিতভাবে পদত্যাগ করতে পারেন। মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে সেই চিঠি পাঠানো হয় এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তা কার্যকর হয়।

নতুন সরকারের সময় দুদকের নেতৃত্বে এই পরিবর্তন দুর্নীতিবিরোধী অভিযানের গতিপথে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

আপনার জেলার সংবাদ পড়তে