হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে মামলা, গ্রেপতার ১

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) :
| আপডেট: ৪ মার্চ, ২০২৬, ০৬:৩০ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৬:৩০ পিএম
হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণের অভিযোগে মামলা, গ্রেপতার ১

কুমিল্লার হোমনায় কেন্দ্রীয় সমবায় সমিতি লি. (বিআরডিবি) চেয়ারম্যান মো. আক্তার হোসেনকে অপহরণ করে মারধর মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে হোমনা পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আক্তার হোসেন এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হোমনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। এতে আল আমিন নামে একজনকে গতকাল বুধবার গ্রেপতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানা যায়, রাজনৈতিক বিরোধের জেরে গত সোমবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে আসামিরা আক্তার হোসেনের পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে চরের গাঁও এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কিল-ঘুষি মেরে আহত করে তার পকেট থেকে নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। আক্তার হোসেনের অভিযোগ, অপহরণকারীরা তাকে আটকে রেখে প্রাণনাশের হুমকি দেয় এবং ২১ হাজার ৬শ’ টাকা আদায় করে। এছাড়া প্রথমে দশ লাখ পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। খবর পেয়ে পুলিশ চরের গাঁও এলাকায় অভিযানে নামলে আসামিরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় এ বিষয়ে আইনি পদক্ষেপ নিলে তাকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান। এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরি বলেন, এক নম্বর আসামীকে গ্রেপতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেপতারে অভিযান অব্যাহত আছে।

আপনার জেলার সংবাদ পড়তে