মাত্র ২২ দিন বয়সের নবজাতক মোনতাসির শেখেকে হত্যা করে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর মাটি চাপা দেয় পাষন্ড পিতা। মঙ্গলবার রাত ১০টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় শিশুটির পিতা নাহিদুর রহমান শেখ (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির মা মূর্শিদা আক্তার মৌ বাদি হয়ে বুধবার দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার নাহিদুর দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মাসুদুর রহমান শেখের ছেলে। পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মুর্শিদা আক্তার মৌ'র সাথে নাহিদুরের বিয়ে হয়। গত ২২ দিন আগে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় মোনতাসির শেখ। সন্তান জন্মের পর মৌ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত ২ মার্চ বিকেলে নাহিদুর শ্বশুর বাড়িতে যান। পরদিন মঙ্গলবার সকালে তিনি শিশুটিকে কোলে নিয়ে ঘরের বাইরে বের হন। এক পর্যায়ে তিনি শিশুটিকে হত্যা করে পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর মাটিচাপা দিয়ে রাখেন। পরে তিনি ঘরে ফিরে স্ত্রীকে জানান, শিশুকে বাড়িতে রেখে এসেছেন। এরপর স্ত্রীকে মোটরসাইকেলে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে তিনি জানান, শিশুকে ফরিদপুরে পাওয়া যাবে। ফরিদপুরের কাছাকাছি গেলে নাহিদুর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে স্ত্রী চিৎকার করে অভিযোগ করেন যে, তার স্বামী তাদের সন্তানকে হত্যা করেছেন। এ সময় হাসপাতালের কর্মীরা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ দিঘলিয়া থানাকে জানায়। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর মাটিচাপা দেওয়া অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, জিজ্ঞাসাবাদে নাহিদুর নিজের শিশুসন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। শিশুটির মা মুর্শিদা আক্তার মৌ বাদি হয়ে বুধবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তাহন্তর করা হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।