রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চোদ্দপাই এলাকায় দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর মাসুম আহমেদকে মৃত ঘোষণা করা হয়। নিহত মাসুম আহমেদ চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে।
এসআই মো. আকরামুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের ভাষ্যমতে জানা যায় যে, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মাসুম মারা যান। এসআই আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে। আইনি প্রক্রিয়ায় শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।