জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পল কাপুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৩:৫৩ পিএম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন পল কাপুর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পৌনে ২টায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

পল কাপুর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির প্রতি সম্মান জানালেন। এরপর বিকেলে তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।

এর আগে মঙ্গলবার (৩ মার্চ) ঢাকায় পৌঁছান পল কাপুর। তাঁর এ সফর মধ্য ও দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফরের মূল উদ্দেশ্য দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া।

পল কাপুর বাংলাদেশ সফরের প্রাক্কালে বিএনপির সঙ্গে বৈঠকও করেছেন। মঙ্গলবার সকালে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল—ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী—মিলিত হন। বৈঠকে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্য এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় জানিয়েছেন, পল কাপুরের সফরের লক্ষ্য বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা। সফরে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ব্যবসায়ী নেতাদেরও সাথে আলোচনায় বসবেন।

আপনার জেলার সংবাদ পড়তে