ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের চালক ও এক যাত্রী নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তথ্যনুযায়, খুলনাগামী যাত্রীবাহী বাস 'টেকেরহাট এক্সপ্রেস' এবং বরিশালগামী একটি মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় মাইক্রোবাসের ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ইলিয়াস হোসেন (৫৮) ও মাইক্রোবাস চালককে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মো. ইলিয়াস হোসেন রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”