এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০২:৩৯ পিএম
এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি, সংগৃহিত

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার (৬ মার্চ) সকালে এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়েছে।

মূলত প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এর মধ্যে ১৪৬ জনই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। সংসদীয় বিধি-বিধান ও রাষ্ট্র পরিচালনার কৌশল সম্পর্কে এই বিপুল সংখ্যক নতুন জনপ্রতিনিধির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তাদের সংসদের আচরণবিধি, বিল প্রণয়ন, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটির কার‌্যাবলি সম্পর্কে সম্যক ধারণা দেওয়াই এই কর্মশালার মূল লক্ষ্য। 

উদ্বোধনী অনুষ্ঠানে দলের শীর্ষ নেতা তারেক রহমান উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিদের দিক-নির্দেশনামূলক স্বাগত বক্তব্য প্রদান করেন।

উদ্বোধনী পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আপনার জেলার সংবাদ পড়তে