ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেন স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীরা। পরিদর্শনকালে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এছাড়া তিনি পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শন চলাকালে তিনি হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। হাসপাতালের বর্তমান সেবা কার্যক্রম ও ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে উপজেলার স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়ন, হাসপাতালের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং জনগণের চিকিৎসা সেবা আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু । সভায় সাম্প্রতিক সময়ে যোগদান করা ৪৮তম বিসিএসের চিকিৎসক, ডেন্টাল সার্জন ও আবাসিক মেডিকেল কর্মকর্তাদের সঙ্গে তাঁর পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় ডাক্তাররা হাসপাতালের বর্তমান কার্যক্রম এবং সাফল্যের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা, চিকিৎসা সেবার মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং হাসপাতালকে দালালমুক্ত ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি। পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁও- পাগলা জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে যা যা প্রয়োজন, সবকিছুই করা হবে। এ হাসপাতালটি দীর্ঘদিন অবহেলিত ছিল। স্থানীয়দের কাছ থেকে নানা সমস্যার কথা শুনেছি। যেখানে উন্নয়ন প্রয়োজন, সেখানে কাজ করা হবে। এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু আরও বলেন, “সরকারি হাসপাতালে যাতে সাধারণ মানুষ সহজে, মানসম্মত ও সাশ্রয়ী সেবা পান-সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটিকে নতুন ভাবে গড়ে তোলা হবে।