অর্থহীনে বড় রদবদল, বিদায় ডন-মঈন; ফিরলেন নতুন তিন সদস্য

এফএনএস বিনোদন | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ১২:৫০ পিএম
অর্থহীনে বড় রদবদল, বিদায় ডন-মঈন; ফিরলেন নতুন তিন সদস্য

বাংলা রক সংগীতের জনপ্রিয় ব্যান্ড অর্থহীনে আবারও বড় পরিবর্তন এসেছে। একই দিনে ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের বিদায়ের পাশাপাশি নতুন তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানিয়েছে ব্যান্ডটি। এর মধ্যে দীর্ঘদিনের সাবেক সদস্য শিশির আহমেদের প্রত্যাবর্তনও রয়েছে।

মার্ক ডনের সঙ্গে অর্থহীনের পথচলা ছিল এক দশকেরও বেশি সময়ের। বিদায়ের মুহূর্তে সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা, প্রতিটা মুহূর্তে ব্যান্ডটির জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি। আশা করি অর্থহীন ভবিষ্যতেও সেরা সব গান উপহার দেবে। কৃতজ্ঞতা ও গর্ব নিয়েই এই অধ্যায় শেষ করছি।”

অন্যদিকে গিটারিস্ট এহতেশাম আলী মঈনের যাত্রা তুলনামূলকভাবে ছোট। গত বছরের জানুয়ারিতে তিনি ব্যান্ডটিতে যোগ দেন। প্রায় দেড় বছরের পথচলা শেষে বিদায় জানিয়ে মঈন বলেন, “আমার সংগীতযাত্রার পরবর্তী ধাপে পা দেওয়ার আগে অর্থহীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্থহীনের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। এখন থেকে স্বাধীনভাবে সংগীতচর্চা চালিয়ে যেতে চাই।”

দুই সদস্যের বিদায়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছে ব্যান্ডটি। এক বিবৃতিতে অর্থহীন লিখেছে, “পরিবর্তনই ধ্রুব সত্য, বিশেষ করে এমন একটি ব্যান্ডের জন্য যারা কয়েক দশক ধরে গান, সংগ্রাম আর বিজয়ের পথে হেঁটেছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুইজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যাঁরা আমাদের গান এবং আত্মার সঙ্গে মিশে ছিলেন। তাঁরা সব সময় অর্থহীনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন।”

একই ঘোষণায় নতুন তিন সদস্যের যোগ দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডটির পুরোনো সদস্য শিশির আহমেদ আবার ফিরে এসেছেন। প্রায় ২০ বছর অর্থহীনের হয়ে কাজ করার পর ২০২৩ সালে তিনি ব্যান্ড ছেড়েছিলেন। এবার তিনি গিটার ও কি-বোর্ডসে আবার যুক্ত হচ্ছেন।

নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন আদনান আতিক ও শেখ এম রিয়াজ। আতিক থাকবেন কি-বোর্ড ও গিটারে। আর মেকানিকস ব্যান্ডের সদস্য রিয়াজ অর্থহীনে গেস্ট ড্রামার হিসেবে বাজাবেন।

অর্থহীনের প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন বলেন, “মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা সেই আগের মতোই আছে। আমরা স্টুডিওতে ফিরব এবং মঞ্চে ফেরার প্রস্তুতি নেব শিগগিরই, সেই চেনা বিশৃঙ্খলা আর মেলোডি নিয়ে, যা আপনারা সব সময় ভালোবেসে এসেছেন। আমাদের প্রতিটি চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য দর্শক-শ্রোতাদের ধন্যবাদ। সেরা সময়টা এখনো আসা বাকি। অর্থহীন মরে নাই। অদ্ভুতদের জয় হোক।”

আপনার জেলার সংবাদ পড়তে