দেম্বেলের ফেরার দিনেও হার, মোনাকোর কাছে ঘরের মাঠে পিএসজির ধাক্কা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০২:০১ পিএম
দেম্বেলের ফেরার দিনেও হার, মোনাকোর কাছে ঘরের মাঠে পিএসজির ধাক্কা

লিগ আঁ শিরোপার দৌড় আরও জমিয়ে দিল মোনাকো। পার্ক দে প্রিন্সেসে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে ৩-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা। এই হারে শীর্ষে থাকা পিএসজির ব্যবধান কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে সুযোগ কাজে লাগিয়ে প্রথমে এগিয়ে যায় মোনাকো।

ম্যাচের ২৭ মিনিটে পিএসজি মিডফিল্ডার ওয়ারেন জাইর এমেরির ভুলের সুযোগ নেন মোনাকোর মাঘনেস আকলিউশ। বল কেড়ে নিয়ে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় মোনাকো। ৫৫ মিনিটে বদলি হিসেবে নামা আলেক্সান্ডার গোলোভিন গোল করে ব্যবধান ২-০ করেন। এতে চাপে পড়ে যায় স্বাগতিক পিএসজি।

৭১ মিনিটে ব্র্যাডলি বারকোলার শট ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জালে ঢুকলে ম্যাচে ফেরার আশা জাগে পিএসজির। কিন্তু সেই আশার স্থায়িত্ব খুব বেশি ছিল না।

মাত্র দুই মিনিট পর বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন আমেরিকান ফরোয়ার্ড ফোলারিন বালোগান। তার গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মোনাকো।

এই ম্যাচে পিএসজির জন্য বড় খবর ছিল উসমান দেম্বেলের প্রত্যাবর্তন। প্রায় তিন সপ্তাহ চোটের কারণে মাঠের বাইরে থাকার পর বদলি হিসেবে মাঠে নামেন গত মৌসুমের ব্যালন ডি’অর জয়ী এই ফরাসি তারকা। আক্রমণে কিছুটা গতি আনলেও শেষ পর্যন্ত দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেননি তিনি। 

এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ আঁ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মোনাকো। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেন্স। রোববার (৯ মার্চ) তলানির দল মেটজকে হারাতে পারলে পিএসজির সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারবে তারা।

চলতি মৌসুমে লিগে এটি পিএসজির চতুর্থ পরাজয়। সামনে ইউরোপ সেরার মঞ্চেও বড় পরীক্ষা অপেক্ষা করছে লুইস এনরিকের দলের জন্য। বুধবার (১২ মার্চ) চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে চেলসিকে আতিথ্য দেবে প্যারিসের ক্লাবটি।

আপনার জেলার সংবাদ পড়তে