জ্বালানি তেলের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও চলমান সামগ্রিক সংকট মোকাবিলায় শেরপুরে বিভিন্ন তেলের পাম্প পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। শনিবার বিকালে তিনি শেরপুর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত তেলের পাম্পগুলো ঘুরে দেখেন।সএ সময় সংসদ সদস্য রাশেদুল ইসলাম পাম্প মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি তেলের পর্যাপ্ত মজুদ, সঠিক পরিমাপ এবং সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় তিনি সাধারণ গ্রাহকদের সঙ্গেও কথা বলেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন। এমপি রাশেদুল ইসলাম বলেন, “জ্বালানি তেলের বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয় এবং সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। জনগণের ভোগান্তি লাঘবে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।”