জামালপুরের মেলান্দহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মাসুদ রানা (৩০) নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে ৭ মার্চ সন্ধ্যা ৭টার দিকে নয়ানগর গ্রামে। নিহত মাসুদ রানা আমিনুল ইসলামের ছেলে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই হাসিবুর রহমান (২৬)সহ বাড়ির লোকজন পালিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ছোট ভাই হাসিবুর রহমান এবং বড় ভাই মাসুদ রানার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই বড় ভাইকে পিটিয়ে আহত করে। প্রতিবেশিরা মুর্র্মূষুবস্থায় বড় ভাই মাসুদ রানাকে উদ্ধার শেষে প্রথমে মেলান্দহ পরে জামালপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান-লাশ মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেপ্তার অভিযান চলছে।