গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০২:৪৫ পিএম
গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা মিশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী নারী কৃষকদের ভূমিকা ও অধিকার বিষয়ে একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ মার্চ ২০২৬ এসিডি  এর আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশের “কাল্টিভেটিং চেঞ্জ”প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী নারী-পুরুষ, কৃষক প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার, স্থানীয় গির্জার ফাদার লিংকন কষ্টা, আদিবাসী নারী কৃষক আগাথা সরেন, সুজলা হাসদা, আদরী মার্ডি, রোজিনা হেমব্রম, কাজলী লাকরা, প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসী নারী কৃষকেরা কৃষি উৎপাদন, বীজ সংরক্ষণ, ফসল পরিচর্যা এবং পরিবার ও সমাজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তারা স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সহনশীল কৃষি চর্চা চালিয়ে যাচ্ছেন। আলোচনা সভায় বিশেষভাবে তুলে ধরা হয় যে, বিশ্বে কৃষি শ্রমশক্তির প্রায় ৪৩ শতাংশ নারী হলেও কৃষি জমির মালিকানায় নারীদের অংশ মাত্র ১০-১৫ শতাংশ। এই বৈষম্য দূর করতে নারীদের ভূমির অধিকার, কৃষি প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজারে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানের অংশ হিসেবে সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী লোকধারা গম্ভীরা পরিবেশন করেন নানা-নাতি চরিত্রে স্থানীয় শিল্পীরা। এই পরিবেশনার মাধ্যমে নারী দিবসের প্রতিপাদ্য, নারীর অধিকার, সহনশীল কৃষি এবং সামাজিক সচেতনতার নানা বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা বলেন, আদিবাসী নারী কৃষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন আরও শক্তিশালী হবে।

আপনার জেলার সংবাদ পড়তে