অফিস ফেলে

রাজশাহীতে ইফতার করতে এলেন রাকাব কর্মকর্তারা

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ১১:৩৮ পিএম
রাজশাহীতে ইফতার করতে এলেন  রাকাব কর্মকর্তারা
পঞ্চগড় থেকে রাজশাহীর দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। এতদূর থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তারা রাজশাহী এসেছেন শুধু ইফতার করতে। আর এ জন্য সারাদিনই তারা অফিসে অনুপস্থিত ছিলেন। শুধু পঞ্চগড় নয়; দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারিসহ রাজশাহী ও রংপুর বিভাগের ৯ জোনের কর্মকর্তারা ইফতার করতে রাজশাহী এসেছিলেন। রাজশাহীতে রাকাবের প্রধান কার্যালয়ের সামনে রোববার (৮ মার্চ) এই ইফতার পার্টির আয়োজন করেছিল রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশন। দূর-দূরান্ত থেকে কর্মকর্তারা অফিস ফেলে মাইক্রোবাস ভাড়া করে এই ইফতারে অংশ নিতে আসেন। সারাদিন তারা অফিসে না থাকায় গ্রাহকদের নানা অসুবিধায় পড়তে হয়। তবে আয়োজকদের দাবি, ব্যাংকিং কার্যক্রমে কোনো অসুবিধা হয়নি। আয়োজকরা জানান, রাজশাহী ও রংপুর বিভাগের ১৮টি জোন কার্যালয় রয়েছে রাকাবের। দুই বিভাগ থেকে প্রায় ৮০০ কর্মকর্তা এই ইফতারে অংশ নেন। সোমবার তারা যথারীতি অফিস করবেন। ইফতার অনুষ্ঠানে কথা হয় কয়েকজন কর্মকর্তার সঙ্গে। তারা জানান, সকালে অফিসে যাওয়ার পরই তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। ৮ থেকে ১০ জন কর্মকর্তা একত্রিত হয়ে মাইক্রোবাস ভাড়া করে তারা রাজশাহী আসেন। ইফতারের পরই তারা আবার ফিরে যাবেন। রাকাবের একাধিক কর্মকর্তা এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের চাপে তারা দূর-দূরান্ত থেকে আসতে বাধ্য হয়েছেন। শুধু একটি ইফতার অনুষ্ঠানের জন্য এত দূর থেকে তাদের রাজশাহী আনা ঠিক হয়নি বলেও তারা মন্তব্য করেন। রংপুর বিভাগের একটি জেলা থেকে আসা একজন ব্যবস্থাপক বলেন, ‘আমি ব্যাংকের ক্যাশ অফিসারকে দায়িত্ব দিয়ে সকালে রওনা হয়েছি। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়েই তো ক্যাশ অফিসার সিদ্ধান্ত দিতে পারবেন না। এতে কিছুটা জটিলতা হয়েছে। কিন্তু না এসে উপায় ছিল না।’ এ বিষয়ে জানতে চাইলে রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সদস্যসচিব ইকবাল হোসেন খান বলেন, ‘সমস্যা হয়নি। আমাদের শাখাগুলোতে লেনদেন চলে সাড়ে ৩টা পর্যন্ত। লেনদেনের পরে কর্মকর্তারা এসেছেন। দায়িত্বের অবহেলা কেউ করবে না। সব জায়গায় লেনদেন ঠিকমতো চলেছে।’
আপনার জেলার সংবাদ পড়তে