শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে পিকআপভর্তি ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরু চরণ দুধনই এলাকায় পানবর-ধানশাইল সড়কে অভিযান চালায়। অভিযানে নায়েক নাজমুলের নেতৃত্বে বিজিবি সদস্যরা একটি হলুদ রঙের পিকআপ ভ্যানে তল্লাশি চালান। তল্লাশিকালে পিকআপ ভ্যান থেকে ভারতীয় ৮টি ব্র্যান্ডের মোট ৫৪৫ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় আকাশ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকার সাদা মিয়ার ছেলে বলে জানা গেছে। কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ ভ্যানের সিজার মূল্য প্রায় ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় বিজিবির নায়েক নাজমুল বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক ব্যক্তিকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।