পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে শহরে আগমনকারী ও চলাচলকারী মানুষের সুবিধার্থে শেরপুর শহরের অভ্যন্তরীণ সড়কসমূহ নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ছাড়াও তিনি আসন্ন ঈদুল ফিতরকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে উদযাাপনে শেরপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা হক ববি, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মমিনুল ইসলাম, স্থানীয় বাস ও ট্রাক মালিক ও প্রতিনিধিরা, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।