ইরানের রাজধানীতে ভয়াবহ বোমাবর্ষণ হামলা, নিহত অন্তত ৪০

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ১১:৫৯ এএম
ইরানের রাজধানীতে ভয়াবহ বোমাবর্ষণ হামলা, নিহত অন্তত ৪০

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরানের রাজধানী তেহরানে আবারও ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। এ হামলাকে সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি বলা হচ্ছে। এতে অন্তত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে বলছে, মাত্র কয়েক ঘণ্টা আগে শহরের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম অংশে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তা আশপাশের ভবনের জানালা কাঁপিয়ে দেয়। তবে ঠিক কোন জায়গাগুলো লক্ষ্য করে হামলা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

কারণ ইরান সরকার সাধারণত এ ধরনের হামলার নির্দিষ্ট অবস্থান প্রকাশ করে না এবং গণমাধ্যমের জন্য হামলার স্থানগুলোতে প্রবেশও সীমিত রাখা হয়। তবে জানা গেছে, হামলাগুলো ছিল অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধ শুরুর পর সবচেয়ে তীব্র আঘাতগুলোর মধ্যে অন্যতম।

এছাড়া দিনভর তেহরানের আশপাশের এলাকাসহ আরও কয়েকটি শহরেও হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে আহওয়াজ, ইসফাহান এবং তেহরানের পশ্চিমের শহর কারাজ। কারাজে হামলার ফলে শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবশ্য দেশজুড়েই বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা এখনও পরিষ্কার নয়। তবে ইসফাহানে কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কোর তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনাও হামলার শিকার হয়েছে।

পূর্ব তেহরানের রিসালাত স্কয়ারের কাছে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এতে আবারও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

আপনার জেলার সংবাদ পড়তে