হিলি সাব-রেজিস্ট্রার অফিসে সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০১:৪৮ পিএম
হিলি সাব-রেজিস্ট্রার অফিসে সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

সোমবার (৯ মার্চ) অভিযোগের বিষয়ে তদন্ত করতে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে আসেন বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ।

অভিযোগকারী নারী কর্মী জানান, তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত রয়েছেন। তার অভিযোগ, অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন।

তিনি বলেন, “আমি একজন নারী। আমার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেছে সে। বিভিন্ন অজুহাতে আমাকে ফোন করে তার বাড়ি কিংবা আবাসিক হোটেলে যেতে বলে। আমি বারবার তাকে নিষেধ করেছি এবং বলেছি আমার সংসার আছে, এমন প্রস্তাব না দিতে। আমার সংসার ভাঙার চেষ্টা করবেন না এবং আমাকে ফোন দেবেন না বলেও জানিয়েছি। কিন্তু তারপরও সে ফোনে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে। তার দেওয়া ফোন কলের রেকর্ডও আমার কাছে রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী আনোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত অফিস ত্যাগ করেন এবং উপজেলা পরিষদ চত্বর থেকে চলে যান।

বিভাগীয় তদন্তে আসা বিরামপুরের সাব-রেজিস্ট্রার কর্মকর্তা হিমেল বাহার শুভ বলেন, হাকিমপুর সাব-রেজিস্ট্রার অফিসের প্রধান অফিস সহকারী আনোয়ার হোসেনের বিরুদ্ধে একই অফিসের এক নারী কর্মীর অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ আমরা তদন্ত করতে এসেছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা জানান, বিষয়টি বিভাগীয় তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে