ঈদেও বন্ধ থাকবে না আমদানি-রপ্তানি, সীমিত আকারে চালু থাকবে কাস্টমস কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৩:০২ পিএম
ঈদেও বন্ধ থাকবে না আমদানি-রপ্তানি, সীমিত আকারে চালু থাকবে কাস্টমস কার্যক্রম

ঈদুল ফিতরের ছুটিতেও আমদানি ও রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ না রেখে সীমিত আকারে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন নির্দেশনা অনুযায়ী, ঈদের দিন ছাড়া ছুটির বাকি সময়েও কাস্টমস হাউসগুলোতে বাণিজ্যসংক্রান্ত কার্যক্রম চলবে।

সোমবার (৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব কাস্টমস নীতি রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের আমদানি রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে ঈদের দিন শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, ছুটির সময়েও আমদানি রপ্তানির কার্যক্রম চলমান রাখতে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য খালাস প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এ সিদ্ধান্তের আওতায় দেশের প্রধান কাস্টমস হাউসগুলোর কমিশনারদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি কমলাপুর, মোংলা ও পানগাঁও কাস্টম হাউস।

একই সঙ্গে ঢাকা উত্তর, ঢাকা পশ্চিম, ঢাকা পূর্ব ও ঢাকা দক্ষিণ কাস্টমসসহ চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর এবং কুমিল্লা অঞ্চলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনারদের কাছেও এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলছেন, ঈদের দীর্ঘ ছুটির সময় বন্দর ও শুল্ক স্টেশনে কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকলে আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের জট তৈরি হতে পারে। বিশেষ করে বন্দরে পণ্যজট এবং শিল্পকারখানার কাঁচামাল সরবরাহে সমস্যা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে