সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারা মুক্তিতে বাধা নেই

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ১১ মার্চ, ২০২৬, ০৩:২৭ পিএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৩:২৫ পিএম
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারা মুক্তিতে বাধা নেই

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দুর্নীতির মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার এ আদেশ দেন। আপাতত কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে এ বি এম খাইরুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। 

গত বছরের আগস্টে বেআইনিভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এর আগে গত ৪ মার্চ যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতির চার মামলায় খায়রুল হককে জামিন দেন হাইকোর্ট।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের মে মাস পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন বেঞ্চই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিলেন, যার ফলে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়।

উল্লেখ্য যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন কারাগারে থাকার পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আজ তিনি এই জামিন পেলেন। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, বাকি একটি মামলাতেও জামিন লাভের জন্য আইনি লড়াই অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে