ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলাকে কেন্দ্র করে চলমান সংঘাতে বিশ্বে জ্বালানি তেলের সংকট বেড়েছে। এমন পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ।
আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে বলে জানা যায়।
পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আপৎকালীন পরিস্থিতি বিবেচনায় ভারত সরকারকে বাড়তি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। তবে দেশটি কি পরিমাণ ডিজেল দিতে পারবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি।
এদিকে দেশে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। এর মধ্যে সোমবার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হয়েছে, যা দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে জমা হবে।
জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের মোট জ্বালানি তেল চাহিদার বড় অংশ ডিজেল হওয়ায় সরকার ভারত থেকে বাড়তি ডিজেল আনতে চায়। বিশেষ করে উত্তরাঞ্চলের জ্বালানি চাহিদা নির্বিঘ্নে পূরণের লক্ষ্যে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল সরবরাহ বজায় রাখার পাশাপাশি তা বাড়ানোর চিন্তাভাবনা চলছে।