লিভারপুলের কোচ হিসেবে আর্নে স্লটের ১০০তম ম্যাচটি সুখকর হলো না। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে গালাতাসারায়ের কাছে ১-০ ব্যবধানে হেরে গেছে লিভারপুল। তুরস্কের রেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল তীব্র গতি ও উত্তেজনা। ম্যাচের মাত্র ৭ মিনিটেই গালাতাসারায় এগিয়ে যায়। কর্নার থেকে আসা বলে মারিও লেমিনা হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। গোল হজমের পর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি লিভারপুল। বিশেষ করে ফ্লোরিয়ান ভির্টজ দুটি দারুণ সুযোগ নষ্ট করেন। লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদেশভিলি (চোট পাওয়া এলিসন বেকারের পরিবর্তে খেলেন) কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে বাঁচান। দ্বিতীয়ার্ধে গালাতাসারায় আবারও এগিয়ে যেতে পারতো। তবে ভিক্টর ওসিমেনের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। সমতায় ফেরার সুযোগ ছিল লিভারপুলেরও। বল জালে জড়িয়েছিলেন ইব্রাহিমা কোনাতে। কিন্তু ভিএআর চেকের পর হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল করা হয়। ম্যাচের শেষদিকে লিভারপুল চাপ বাড়ালেও গালাতাসারায়ের গোলরক্ষক উগারকেন সাকির কোনো বিপদ হতে দেননি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়ে প্রথম লেগ শেষ করে গালাতাসারায়। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের অ্যানফিল্ডে।