ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে মাছ ধরার জেলের জালে উঠে এলো দুই বস্তা সরকারি ঔষধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঔষধ গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার (১১ মার্চ) উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ঔসব সরকারি ওষুধ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় জেলেরা ব্রহ্মপুত্র নদে মাছ ধরার জন্য জাল ফেলে। কিন্তু জাল টেনে তোলার সময় মুখ বাধা দুটি বড় পাটের বস্তা দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন বস্তায় মরদেহ থাকতে পারে ভয়ে গফরগাঁও থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে বস্তার মুখ খুলে ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন প্রকারের ঔষধ পাওয়া যায়। পরে পুলিশ ঔষধ ভর্তি দুটি বস্তা থানায় নিয়ে যায়। এ নিয়ে জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আমি একটি ট্রেনিংএ আছি, যতদূর শুনেছি বস্তা ভর্তি ঔষধগুলো ২০২৩ সালের। ওই সময় কেউ হয়তো নদীতে ফেলে থাকতে পারে। ঔষধের পেকেট পচনশীল না হওয়ায় এবং বস্তাভর্তি থাকায় নদীর নিচে অবস্থায় রয়ে গেছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ওষধগুলোর বিষয়ে থানা পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন। তদন্তের জন্য যে কোন ধরনের সহযোগিতা করা হবে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. স. ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।