মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক তেলের সরবরাহে যে ঘাটতি তৈরি হয়েছে, তা মোকাবিলায় বাজারে বিপুল পরিমাণ তেল ছাড়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল জানিয়েছেন, আইইএর ৩২টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে তাদের জরুরি তেলের মজুত থেকে প্রায় ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় সমন্বিত তেল ছাড়ার উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।
ফাতিহ বিরল বলেন, বৈশ্বিক তেলবাজার বর্তমানে এক অভূতপূর্ব সংকটের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে আইইএর সদস্য দেশগুলো যৌথভাবে নজিরবিহীন জরুরি পদক্ষেপ নিতে সম্মত হয়েছে, যা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।
আইইএ জানিয়েছে, সদস্য দেশগুলোর নিজস্ব পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধাপে ধাপে এই তেল বাজারে ছাড়া হবে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, এর আগে ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে দুবার—মোট ছয়বার আইইএ সমন্বিতভাবে জরুরি তেলের মজুত ছাড়ার অনুমোদন দিয়েছিল।
বর্তমানে আইইএর সদস্য দেশগুলোর কাছে জরুরি মজুত হিসেবে প্রায় ১০২ কোটি ব্যারেল তেল রয়েছে। এছাড়া শিল্পখাতে সরকারের বাধ্যবাধকতার আওতায় আরও প্রায় ৬০ কোটি ব্যারেল তেল মজুত আছে বলে জানিয়েছে সংস্থাটি।
সূত্র: বিবিসি।