বান্ধবীর সাবেক স্বামীকে বিয়ে, ৪ বছরেই ভাঙল নায়িকার সংসার!

এফএনএস বিনোদন: | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০১:৫৩ এএম
বান্ধবীর সাবেক স্বামীকে বিয়ে, ৪ বছরেই ভাঙল নায়িকার সংসার!

ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি ও ব্যবসায়ী সোহেল খাটুরিয়ার দাম্পত্য জীবনের ইতি ঘটছে চার বছর পর। একসময় বলিউড ও দক্ষিণী বিনোদন অঙ্গনে আলোচিত এই জুটির সম্পর্কের শুরু হয়েছিল দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে, যা পরে প্রেম ও জাঁকজমকপূর্ণ বিয়েতে গড়ায়। তবে এখন দুজনেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ভেঙে যাওয়া সম্পর্ক আর টিকিয়ে রাখতে চান না—এমন অবস্থান থেকেই আইনি প্রক্রিয়ায় বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি। বিচ্ছেদের পরও হানসিকা কোনো ধরনের খোরপোষ দাবি করেননি বলে জানা গেছে।

অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, বিচ্ছেদের বিষয়টি প্রথমে স্বামীকে জানান হানসিকাই। এরপর দুজনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন।

হানসিকা ও সোহেলের সম্পর্কের শুরু অনেক আগে। একসময় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের নিচে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন সোহেল। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে হানসিকা লিখেছিলেন, “এখন এবং চিরকালের জন্য।” কিন্তু সেই ‘চিরকাল’-এর গল্প চার বছরের মধ্যেই শেষ হয়ে গেল।

বলিউডের ‘আপ কা সুরুর’, ‘অরু কাল অরু কন্নড়ি’ এবং ‘মাই নেম ইজ শ্রুতি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান হানসিকা। ২০২২ সালে তাদের বিয়ে হয়। সেই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে জিও হটস্টারে ‘হানসিকা’স লাভ শাদি ড্রামা’ নামে একটি রিয়েলিটি শোও প্রচার করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি।

আপনার জেলার সংবাদ পড়তে