ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতের এই জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে বড় সুবিধা পেল স্প্যানিশ ক্লাবটি। ম্যাচের ২০তম মিনিটে গোলরক্ষক থিবো কোর্তোয়ার লম্বা পাস থেকে দারুণ দক্ষতায় প্রতিপক্ষকে কাটিয়ে প্রথম গোল করেন উরুগুয়ের এই মিডফিল্ডার। সাত মিনিট পর ভিনিসিউস জুনিয়রের আক্রমণ থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের শেষদিকে ব্রাহিম দিয়াসের ভাসানো বল নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথার ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে। পুরো ম্যাচে ৪০ শতাংশ বল দখলে রেখেও আক্রমণে বেশি কার্যকর ছিল রিয়াল। তাদের ১২টি শটের সাতটি ছিল লক্ষ্যভেদী, বিপরীতে সিটির আট শটের চারটি ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিউস জুনিয়র। তার নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে ধার দেখাতে পারেনি সিটি। আর্লিং হলান্ডও ছিলেন নিষ্প্রভ। ফলে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গুয়ার্দিওলার দলকে। তবে দুই লেগের এই লড়াইয়ের ফিরতি ম্যাচটি হবে ম্যানচেস্টার সিটির মাঠে, আগামী মঙ্গলবার।