স্কুল-কলেজগামী কোন ছাত্র-ছাত্রী সন্ধ্যার পরে রাস্তার মোড়ে, হোটেল-রেস্তোরায়, পার্কে কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবেনা মর্মে মাইকিং হয়েছিলো বিকেলে। নির্দেশনা কেউ মানছে কিনা তা দেখতে সন্ধ্যায় অভিযানে বের হয়েছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ইউএনও’র নির্দেশনা না মেনে সন্ধ্যার পর স্কুল আঙ্গিনায় আড্ডা দিচ্ছিলেন তরুণ শিক্ষার্থীরা। অতঃপর আড্ডারত অবস্থায় ১২ তরুণকে আটক করা হয়। বুধবার সন্ধ্যার পর বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের আঙ্গিনায় ইউএনও’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি এ উপজেলার বিভিন্নপ্রান্তে মাদকের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর আড্ডার আড়ালে অনেক তরুণ-যুবক মাদক সেবন করে আসছে। মাদকের ভয়াল ছোবলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ তরুণ সমাজ বিপদগামী হচ্ছে। মাদকের ভয়াবহতা রোধে সচেতন নাগরিকরা উপজেলা প্রশাসনের কাছে দাবী জানিয়ে আসছিলো। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজ থেকে মাদক নির্মূল ও আইনশৃংখল স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় ব্যাপক সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই সিদ্ধান্তের আলোকে বুধবার (১১ মার্চ) বিকেলে মাইকিংয়ের মাধ্যমে সকল তরুণ-যুবকদের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া পর সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, মাদকের প্রবনতা বৃদ্ধি পাওয়ায় স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-কিশোররা পড়ার টেবিল থেকে দূরে সরে আসছে। তাই শিক্ষার্থীদের সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। ওই সভার গৃহিত সিদ্ধান্তের আলোকে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, আটককৃতদের প্রাথমিকভাবে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। অভিযানে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসানসহ গৌরনদী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।