পবিত্র রমজান মাসে শেষের দশ দিন চলছে। ঈদ আসন্ন। এমন পর্যায়ে বাজারে নিত্যপণ্যের দামেও প্রভাব পড়েছে। সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগি ও গরুর মাংসের দাম। এতে ক্রেতাদের মাঝে অস্বস্তি বিরাজ করছে। তবে সপ্তাহের পরিসংখ্যানে বাজারে কিছুটা কমেছে সবজির দাম।
আজ শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত এক সপ্তাহ ধরে বাজারে মুরগির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মুরগির দাম প্রায় ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি-সব ধরনের মুরগির দামই বেড়েছে। সোনালি মুরগি ৩০ টাকা বেড়ে কেজি প্রতি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। লেয়ার মুরগি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। দেশি মুরগির দাম ৩০ টাকা বেড়ে হয়েছে ৬৭০ টাকা কেজি। আর ব্রয়লার মুরগি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকায়।
এদিকে বেড়েছে গরুর মাংসের দামও। বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস কেজি প্রতি ৩০ টাকা বেড়ে এখন ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর মিলেছে। চাহিদা কম থাকায় প্রায় সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকায়। এক সপ্তাহ আগেও একই পণ্য বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়।