“আমি আহত, আর চুপ থাকব না!”রাশমিকা

এফএনএস বিনোদন: | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ১২:২২ পিএম
“আমি আহত, আর চুপ থাকব না!”রাশমিকা

রাশমিকার বিয়ের ক’টা দিন কাটতে না কাটতেই তাঁর অতীত নিয়ে শুরু হল টানাটানি। ভাইরাল একটি পুরনো অডিয়ো ক্লিপ। একেবারে রেগে রুদ্রমূর্তি রাশমিকা।

সদ্য নিজের বিয়ের সব অনুষ্ঠান শেষ হয়েছে রাশমিকা মন্দানার। প্রীতিভোজের অনুষ্ঠানের দিনই স্বামী বিজয় দেবরকোণ্ডা জানান, কয়েকটা দিন তাঁরা বাইরে বেরোতে চান না। বরং লোকচক্ষুর আড়ালেই থাকতে চান। কিন্তু সে ইচ্ছেপূরণ আর হল কই! রাশমিকা বিয়ের কয়েকটা দিন কাটতে না কাটতেই তাঁর অতীত নিয়ে শুরু হল টানাটানি। ভাইরাল পুরনো একটি অডিয়ো ক্লিপ। সেটা গোচরে আসতেই একেবারে রেগে রুদ্রমূর্তি ধারণ করলেন রাশমিকা।

২০১৬ সালে ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে বিনোদনজগতে কাজ শুরু রাশমিকার। ওই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত। সেই ছবির সেটেই একে অন্যের প্রেমে পড়েন রক্ষিত ও রশ্মিকা। ২০১৭ সালে বাগ্দানও সারেন তাঁরা। তবে সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। ২০১৮ সালেই রক্ষিত ও রাশমিকার প্রেমে চিড় ধরে। বাগ্দান ভেঙে বেরিয়ে আসেন দু’জনে। কী কারণে রাশমিকার সঙ্গে রক্ষিতের বিয়ে ভাঙে সেই নিয়ে নীরব ছিলেন দু’জনেই।

শোনা যায়, রক্ষিতের সঙ্গে বিয়ে ভাঙার পরে দক্ষিণে ছবির জগতে কাজ পাওয়া মুশকিল হয়ে পড়ে রাশমিকার। যদিও এর পরে তাঁর সামনে খুলে যায় বলিউডের রাস্তা। কিন্তু বিজয়ের সঙ্গে বিয়ে হওয়ার দিন কয়েকের মধ্যে অভিনেত্রীর সঙ্গে রক্ষিতের পুরনো সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই হুঁশিয়ারি দিলেন রাশমিকা।

তিনি সাফ জানান, যাঁরা এই কাজটি ইচ্ছাকৃত ভাবে করছেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন তিনি। রাশমিকার কথায়, ‘‘গত চব্বিশ ঘণ্টায় যে অডিয়ো ভাইরাল হয়েছে সেটা অনেকটা বিকৃত ও কিছু ব্যক্তিগত পেজ থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে। আমি ভাবছি মানুষ ঠিক কত দূর যেতে পারে। যে সমস্ত ডিজিটাল মাধ্যমে এটা প্রকাশ করা হচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

রাশমিকা আরও বলেন, ‘‘এত বছর আমি চুপ করেছিলাম। আমি সব সময় নিজের কাজ করে গিয়েছি এবং সকলের মধ্যে ইতিবাচক বার্তা দিয়ে এসেছি। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃত ভাবে আক্রমণ করে যাচ্ছে। তাই আর চুপ করে থাকব না।’’ সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় অভিনেত্রীকে। তবে মুখ আড়াল করেই বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে।