দিনাজপুরের হিলিতে সরকারি দায়িত্ব পালনকালে বাংলাদেশ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এক সিপাহীর ওপর হামলার ঘটনায় হাকিমপুর থানা-এ মামলা দায়ের করা হয়েছে। আহত সিপাহী মো. জুয়েল রানা বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ মার্চ দুপুর প্রায় ২টার দিকে হিলি আইসিপি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহজনকভাবে ব্যাগেজ সুবিধার বাইরে কিছু মালামাল বহনের বিষয়টি নজরে আসে। পরে সিপাহী জুয়েল রানা মালামালগুলো কাস্টমস চেকিংয়ের জন্য জব্দ করে কাস্টমসে জমা দেন। এসময় অভিযুক্তরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিপাহী জুয়েল রানার সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে সরকারি কাজে বাধা দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তিনি আহত হন। এ ঘটনায় সিপাহী জুয়েল রানা বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় মধ্য বাসুদেবপুর গ্রামের চঞ্চল (২৯), হোসেন (৪০), লিটন (৩০), দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আরিফ (৩০)-সহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর- ৮, তারিখ ১০/০৩/২০২৬; ধারাসমূহ ১৪৩/৩৪১/৩৩২/৫০৬(২)/৩৪/৩৫৩। ১৩ মার্চ আহত জুয়েল রানা জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। হামলার কারণে শরীরে ব্যথা রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখছে।