ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৬:৪৪ পিএম
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদ এবং পবিত্র বাইতুল মোকাদ্দাস মুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমআতুল বিদা ও আন্তর্জাতিক কুদস দিবসে জুমার নামাজ শেষে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ইমামীয়া জনকল্যাণ ফাউন্ডেশন, রাজশাহী ও সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিতে নামাজ শেষ হওয়ার পরপরই নগরের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ব্যানার ও ফেস্টুন হাতে জিরোপয়েন্টে জড়ো হতে থাকেন। এসময় ‘‘লাব্বাইক ইয়া আকসাসহ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে সাধারণ মানুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, ফিলিস্তিনের পবিত্র ভূমি ও মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস বর্তমানে ইহুদিদের অবৈধ দখলে রয়েছে। এই পবিত্র ভূমি মুক্ত করা বিশ্বের সকল মুসলমানের ঈমানি দায়িত্ব। তারা আরও বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্তর্জাতিক মহলকে আরও কার্যকর ও জোরালো ভূমিকা পালন করতে হবে।
আপনার জেলার সংবাদ পড়তে