শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আজ শুক্রবার বিকেলে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। তবে আগামী ২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষায় তা বাস্তবায়ন সম্ভব না হলেও পরীক্ষা ভালোভাবে নিতে হবে।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার উন্নয়নে অনেক শিক্ষানুরাগীর বিশেষ অবদান রয়েছে। যারা শিক্ষিত এবং সমাজে যাদের অবদান রয়েছে তাদের কিভাবে অন্তর্ভূক্ত করা যায় সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। এমপি এবং প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা করে শিক্ষার মানোন্নয়ন ও ম্যানেজমেন্ট কমিটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোনও অবস্থাতেই কম শিক্ষিত বা শিক্ষানুরাগী না এমন কেউ কমিটিতে আসতে পারবেন না।
এর আগে শিক্ষা মন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে সংবর্ধনা জানানোর দৃশ্য দেখে তিনি তাৎক্ষণিকভাবে এনিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, আমাকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনো আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না। আমি যেখানে যাব, সেখানে কোনও শিক্ষক বা শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলে তা গ্রহণযোগ্য হবে না। শিক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনও ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা আয়োজন করার প্রয়োজন নেই।