চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে গ্রেপ্তার ৩

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ০৭:২৩ পিএম
চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে গ্রেপ্তার ৩

চুরি করা মানিব্যাগে থাকা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে চোরচক্রের তিন সদস্য পুলিশের হাতে ধরা পরেছে। গ্রেপ্তারকৃতরা হলো বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শীতলাখোলা এলাকার টিটু হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩১), মুন্সী গ্যারেজ এলাকার আবুল হোসেন গাজীর ছেলে মো. মঈন গাজী (৩২) ও বাংলাবাজার এলাকার সালাউদ্দিন চুন্নু হাওলাদারের ছেলে মেহেদী মানজুর (২৬)। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. নাসিম হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর ঝাউতলা দ্বিতীয় গলি এলাকার বাসিন্দা শুভংকর বিশ্বাস গত ৮ মার্চ রাত নয়টার দিকে কালীস চন্দ্র রোডস্থ কাঞ্চন পার্কে হাঁটতে যান। হাঁটা শেষে পার্কের গেটের সামনে কিছু লোকের জটলা দেখতে পান। সেই জটলা পার হয়ে পার্কের বাহিরে বের হতেই পকেটের মানিব্যাগ খুইয়ে ফেলেন।  মানিব্যাগটি পকেট থেকে কেউ নিয়ে গেছে বুঝে পেছনে ফিরে দেখতে পান জটলা করা লোকগুলো যে যার মতো করে চলে যাচ্ছে, ফলে সু-নির্দিষ্ট কাউকে মানিব্যাগ নিয়ে যাওয়ার বিষয়ে তিনি শনাক্ত করতে পারেননি। শুভংকর বিশ্বাসের অভিযোগ সূত্রে জানা গেছে, মানিব্যাগের ভেতরে বাদীর জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, পৃথক দুটি ব্যাংকের তিনটি ক্রেডিট কার্ড, একটি ডেবিট কার্ড, অন্যান্য অফিসের কাগজপত্র ও নগদ পাঁচশ' টাকা ছিল। অপরদিকে চোরচক্র ৮ মার্চ রাত পৌনে ১২টা থেকে পরেরদিন ৯ মার্চ রাত ১২টার মধ্যে একটি ক্রেডিট কার্ড থেকে ১১ হাজার ৯৮৫ টাকা উত্তোলন করে এবং বরিশালের টপটেন শোরুম থেকে বড়ো অঙ্কের টাকার বাজার করে। যে সংক্রান্ত একাধিক ম্যাসেজ বাদীর মোবাইলে আসে। তারই ধারাবাহিকতায় বিষয়টি কোতোয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করে শুভংকর বিশ্বাস এবং অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ ঘটনার তদন্তে নেমে, শপিং মল ও এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরচক্রের সদস্যদের শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে